আজ বৃহস্পতিবার রংপুর জেলায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করে নেয়া হয়েছে। গতকাল বুধবার নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে হরতাল প্রত্যাহার করে নেয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও জেলা আহ্বায়ক আব্দুস ছালাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল আলম নাজু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোখছেনুল আরেফিন রুবেল, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান জেমস, ছাত্রদল নেতা জাকারিয়া ইসলাম জিম প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, শিক্ষার্থীদের পরীক্ষা এবং জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে কেন্দ্রের নির্দেশে হরতাল প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে আজ রংপুর বিভাগের ৮ জেলায় হরতালের ডাক দিয়েছিলো যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
