কালীগঞ্জ পৌরসভা নির্বাচন আজ

আপডেট : ১৯ জুন ২০১৩, ২২:৪০
গাজীপুরের নবগঠিত কালীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে ভোট গ্রহণ আজ। ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে ঘিরে নির্বাচনী এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনী এলাকায় আগ্নেয়াস্ত্র বহন, ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার ও ৪শ’ গজের মধ্যে নির্বাচনী ক্যাম্প স্থাপনও নিষিদ্ধ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আমজাদ হোসেন স্বপন আশাবাদ প্রকাশ করলেও প্রতিদ্বন্দ্বী মো. লুত্ফর রহমানের শংকা কাটেনি। রিটার্নিং অফিসার কার্যালয় ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সমন্বয় সেল স্থাপন করা হয়েছে। বুধবার রাত ১২টা থেকে বহিরাগত সকল নাগরিক তথা রাজনৈতিক ব্যক্তিত্ব ও মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সংখ্যক ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালি ও সিলসহ অন্যান্য নির্বাচনী উপকরণ ভোট কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেয়া হয়েছে। আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। ১৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রার্থী ও তাদের প্রতীক মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আমজাদ হোসেন স্বপন (আনারস) ও বিএনপি সমর্থিত প্রার্থী মো. লুত্ফর রহমান (চশমা) প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। প্রার্থীরা যে যেখানে ভোট দেবেন মেয়র পদে আওযামী লীগ সমর্থিত প্রার্থী আমজাদ হোসেন স্বপন মূলগাঁও ২ নং রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের কেন্দ্রে ও বিএনপি সমর্থিত প্রার্থী মো. লুত্ফর রহমান বালিগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। যান চলাচল সীমিত নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় নির্বাচনী কাজে ব্যবহূত যানবাহন ব্যতীত বাস, ট্রাক, টেম্পু, মোটর সাইকেল প্রভৃতিসহ সকল যানবাহন চলাচলের উপর গতকাল থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচন চলাকালীন এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। সাধারণ ছুটি ঘোষণা নির্বাচন উপলক্ষে পৌরসভা এলাকায় আজ বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে নির্বাচনী এলাকার কোন সাধারণ পরীক্ষা থাকলে তা অনুষ্ঠিত হবে।