রাজশাহীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন লুটপাট

আপডেট : ১৯ জুন ২০১৩, ২২:৪২
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের দু’দিন পরই নগরীর মিজানের মোড়ে অবস্থিত আওয়ামী লীগ নেতার বাড়িতে প্রতিপক্ষ বিএনপি সমর্থকরা হামলা, ভাংচুর ও লুটপাট শেষে অগ্নিসংযোগ করেছে। গত সোমবার দিবাগত রাতের এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। মতিহার থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত ১১ মার্চ স্থানীয় বালুমহাল নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি সমর্থক জিয়ারুল খুন হন। ওই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আব্দুল খালেক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। জিয়ারুল হত্যার বদলা নিতেই এই হামলা হয়েছে বলে তিনি দাবি করেন। জানা গেছে, মতিহার থানার মিজানের মোড়ের ২০/২৫ ব্যক্তি রাত ২টার দিকে একই এলাকায় অবস্থিত কাটাখালি পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেকের বাসা ঘেরাও করে। খালেকের স্ত্রী জাহেমা বেগম (৪৫) জানান, হামলা, লুটপাট ও অগ্নিসংযোগকারী বিএনপি সমর্থকরা দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ছেলের বউ রানির স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় এবং শাশুড়ি জেলেখা বেওয়ার হাতের স্বর্ণের চুড়ি খুলে নেয়ার চেষ্টা করে। তাদের ঘরে আটকে রেখে পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। এসময় তারা ঘরের বাইরে গিয়ে আত্মরক্ষা করেন। আগুনে ঘরের দুইটি কক্ষ ও সংলগ্ন দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। যাবার সময় তারা প্রতিবেশী জাহাঙ্গীরের দু’টি মহিষ খুলে নিয়ে যায়। মোটর শ্রমিক জাহাঙ্গীর জানান, তিনি ভয়ে মামলা করতে যাননি।