পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় দেশের একমাত্র প্রাকৃতিক মত্স্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীকে জাতীয় নদী ঘোষণার দাবি করেছেন চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকরা। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে রহস্যময়ী হালদা শীর্ষক প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এ দাবি জানান। তারা বলেন, হালদা শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ঐতিহ্যের অংশ। পরিবেশ ও বিশ্ব ঐতিহ্য রক্ষা করেই পৃথিবীখ্যাত এই প্রাকৃতিক মত্স্য প্রজনন ক্ষেত্রের উন্নয়ন করতে হবে। অন্যথায় রুই জাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক প্রজননক্ষেত্রটি ধ্বংস হয়ে যেতে পারে। তাই জাতীয় নদী ঘোষণা করে হালদা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
হালদা নদীরক্ষা কমিটির প্রধান উপদেষ্টা ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর মু. সিকান্দার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র উদ্বোধন করেন একশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির। হালদা নদীরক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভায় ২৭ মিনিটের ভিডিও প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনজুরুল কিবরিয়া। প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আনম মুনির আহমদ চৌধুরী, চবি প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইসমাইল মিয়া প্রমুখ।
