কক্সবাজার শহরতলীর খুরুস্কুলে নুরুল আলম বহদ্দার (৫৫) নামে বিএনপির এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহর থেকে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে কুলিয়াপাড়া ব্রিজের কাছে একদল মুখোশধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নুরুল আলমকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশংকাজনক হলে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। নুরুল আলম বহদ্দার খুরুস্কুল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। পেশায় তিনি মত্স্য ব্যবসায়ী।
