মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিম্পেলকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আবু দোমা বলেছেন, বাংলাদেশের গ্রাহকদের থ্রিজি সেবা পাওয়ার অধিকার রয়েছে। তাই বাংলালিংকও থ্রিজির লাইসেন্স নেয়ার ব্যাপারে ইতিবাচকভাবে চিন্তা করছে। তবে থ্রিজি নিলামের আগে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান চান তিনি। আবু দোমা বলেন, তা না হলে পরিচালনা পরিষদকে রাজি করানো কঠিন হবে। পরিষদই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলালিংকের সিইও জিয়াদ সিতারা, সিনিয়র পরিচালক (মার্কেটিং) শিহাব আহমাদ, সিনিয়র পরিচালক (লিগ্যাল) জাকিউল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
