নিদ্রাতুর এক কবিকে

আপডেট : ২০ জুন ২০১৩, ১৯:০৫
আপনি আছেন ভালো, সাবদার সিদ্দিকি। আমরা সবাই কালো অনিদ্রার বিষফল গলার ভেতরে নিয়ে ছটফট করি, আর আপনি তো বাতাসের থামে ঠেস দিয়ে ঘুমাতে পারেন বেশ; জীবনের কষ্টগুলো পোষমানা পাখিদের মতো আঙুলের ডগায় বসিয়ে নিয়ে হেঁটে চলে যান দ্রুত দুপুরের রোদে। ঘুমাতে বড়োই কষ্ট, নগরীতে নরোম বালিশ বড়ো অপ্রতুল আর পথের পাথর বুকে জন্মে নাতো নিদ্রাদায়ী ঘাস তাই আজো মাঝে মাঝে হাই তুলে চলে যান সাতক্ষীরা ঘুমাবেন বলে। যেমন ধুলার পথ মাঝে মাঝে পেতে চায় পিচঢালা সড়কের প্রেম যেমন একলা নদী তীরের নাগর ডেকে নিয়ে যায় জল-অন্তঃপুরে যেমন পিপুল বৃক্ষ চুলে তার বাতাসের ভালোবাসা রুমাল জড়ায় তেমন ঘনিষ্ঠ সুরে কে ডাকে নিদ্রার দেশে, হূদয়ের বোন? আপনার চশমার কালো কাচ ক্রমাগত আরো কালো হবে, এখনো পালান ভাই, এখনো সময় আছে, ধুলামাখা পথ এই দরিদ্রের দেশে বিনামূল্যে পাওয়া যায় এখনো নির্মল। আর যাই নিক তারা, সভ্যতার বেসামাল অভিভাবকেরা ধুমল মাটির পথ কেড়ে নিলে আমরা যে পথেই দাঁড়াবো! এমন জটিল কোনো দুর্দৈব ঘটার আগে চলে যান, এখনো ঘুমের জন্য তুলোট বালিশ আছে, সুনিদ্রার সাতক্ষীরা আছে। আরিচা পেরুলে আজো পাওয়া যায় কলাপাতা ঢাকা তাজা নিদ্রার ইলিশ, গমের ক্ষেতের পাশে হেঁটে যায় ঘুমের মতোন স্নিগ্ধ নদীর মেয়েরা।