কলকাতামুখী হয়ে গেছে এখন বেশ ক’জন সংগীত তারকার ক্যারিয়ার। দেশীয় অডিওর নাজুক অবস্থা আর কাজের মন্দাভাবই এর মূল কারণ। দেশের প্রতিভাবান সাউন্ড ইঞ্জিনিয়ার, গায়ক জুয়েল মোর্শেদ সম্প্রতি তার অডিও অ্যালবাম কলকাতা থেকে রিলিজ দেওয়ার পর সেখানে ব্যাপক সাড়া পড়ে। এর বাইরে সোমলতা আচার্যের সাথে একটি মিউজিক ভিডিও এখন কলকাতার বেশ কটি চ্যানেলে প্রচার হচ্ছে। তাই দেশের বাইরে বেশ শক্ত একটি অবস্থান তৈরি হচ্ছে জুয়েলের। বর্তমানে এই সাফল্যের সূত্র ধরে বেশ কজন আধুনিক গায়কও কলকাতায় অ্যালবাম বের করছেন। নতুন এই প্রবণতা প্রসঙ্গে জুয়েল বলেন, ‘বিষয়টিকে আমি কখনোই নেতিবাচক দৃষ্টিতে দেখি না। কারণ আমরা যেখানে যাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। তাই এখানে আমাদের আরও সহযোগিতাপরায়ণই থাকা প্রয়োজন।’
