পুঁজিবাজারের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর গত দুইদিন বড় ধরনের ঊর্ধ্বগতির পর গতকাল বৃহস্পতিবার কিছুটা মূল্য সংশোধন হয়েছে। সূচক কমার সঙ্গে কমেছে লেনদেনও। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন বাজার নিম্নমুখী থাকার পর বাজেটে কিছু পদক্ষেপকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে। ফলে সূচক ও লেনদেনে ইতিবাচক ধার দেখা যাচ্ছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৪৫ পয়েন্ট কমে ৪ হাজার ২১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪২৯ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৮৫ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ৩৮৭ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৮৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ২২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, মুনাফা তুলে নেয়ার প্রবণতায় গতকাল সপ্তাহের শেষদিনে সূচক কমেছে। এদিকে বাজারে লেনদেন আগের দিনের তুলনায় প্রায় ৩৬ শতাংশ কমেছে। তবে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে ছিল জ্বালানি খাত। এ খাতের শেয়ারের লেনদেন হয়েছে বাজারের মোট লেনদেনের প্রায় ১৬ শতাংশ। এরপরই ছিল টেক্সটাইল ও ফার্মাসিউটিক্যাল খাত।
এদিকে বিনিয়োগ সম্ভাব্যতা যাচাই এবং পুঁজিবাজারের আনুষঙ্গিক বিষয়াদি জানতে গতকাল দুপুরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পরিদর্শনে আসেন সিঙ্গাপুরের অরিক্স ইনভেস্টমেন্টস অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিনজী ইয়ামানা এবং জাপানের গ্লোবাল বিজনেস অ্যান্ড অলটারনেটিভ ইনভেস্টমেন্টস হেড কোয়ার্টারের সহসভাপতি মিস কিওকো মরি। এ সময় বাংলাদেশে নিযুক্ত জাপান রাষ্ট্রদূতের অর্থ উপদেষ্টা জালালু হাই উপস্থিত ছিলেন। তারা সিএসই’র প্রেসিডেন্ট আল-মারুফ খান ও সিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য নানা সুযোগ এবং দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সিএসই প্রেসিডেন্ট।
