চট্টগ্রামের পতেঙ্গায় বে-টার্মিনাল এলাকায় বন্দর সম্প্রসারণের জন্য বরাদ্দকৃত এক হাজার একর জমি থেকে পোশাক শিল্প জোন স্থাপনের জন্য একশ’ একর জমি বরাদ্দের আগ্রহ প্রকাশ করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ। তার এ আগ্রহকে সময়োপযোগী বলে স্বাগত জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। গতকাল বৃহস্পতিবার বিজিএমইএ’র ঊর্ধ্বতন সহ-সভাপতি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে স্বাক্ষাত্ করতে গেলে তিনি এ আগ্রহের কথা জানান। তিনি আরো জানান, পানগাঁও টার্মিনালের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী জুলাইয়ের শেষ নাগাদ পানগাঁও থেকে নৌপথে চট্টগ্রাম বন্দরে সরাসরি কন্টেইনার পাঠানো যাবে। এতে কন্টেইনার পরিবহনে সময় এবং অর্থ সাশ্রয় হবে। এছাড়া ঢাকার সাভার থেকে পানগাঁও পর্যন্ত দেশি-বিদেশি আর্থিক সহায়তায় এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে নির্মাণের প্রস্তাবও তুলে ধরেন। নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী বিশেষায়িত পোশাক শিল্প জোন স্থাপনে বন্দর কর্তৃপক্ষকে যৌথভাবে এগিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি পানগাঁও টার্মিনাল থেকে নৌ-পথে পণ্য পরিবহন শুরু হলে রপ্তানিখাত লাভবান হবে বলেও তিনি আশা করেন। এছাড়াও পোশাক শিল্পের আমদানীকৃত মালামাল বন্দর থেকে আরো দ্রুত খালাস এবং প্রাইভেট আইসিডি কর্তৃক অতিরিক্ত লেবার চার্জ আদায় রোধে কার্যকর ব্যবস্থ নেয়ার দাবি জানান।
আলোচনায় আরো অংশগ্রহণ করেন বিজিএমইএ’র পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, অঞ্জন শেখর দাশ, মহিউদ্দিন চৌধুরী ও প্রাক্তন প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ।
