শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, জাহাজ ভাঙ্গা শিল্পের সাথে পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি জড়িত বলে সরকার ইতোমধ্যে পরিবেশবান্ধব জাহাজ ভাঙ্গা ও রিসাইক্লিং বিধিমালা প্রণয়ন করেছে। শিগগিরই জাহাজ ভাঙ্গা ও রিসাইক্লিং বোর্ড আইন পাস করা হবে। এর মাধ্যমে এ শিল্পের পরিবেশ ও শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে। বুধবার রাজধানীর একটি হোটেলে বেসরকারি একটি ব্যাংকের আয়োজনে ‘বাংলাদেশ শিপ রিসাইক্লিং শিল্পখাতের উন্নয়নে টেকসই অর্থায়নের উদ্যোগ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, এ শিল্পখাতে প্রায় দুই লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বর্তমানে পৃথিবীর প্রায় ২৫ শতাংশ জাহাজ রিসাইক্লিং করার ক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গার্বেন জর্ড ডি জং, জার্মানির ডেপুটি হেড অব মিশন ড. রাফ রস্, এফ এমওর প্রধান বিনিয়োগ কর্মকর্তা জর্জেন রাইটারিং,আইএমওর শিপ রিসাইক্লিং বিশেষজ্ঞ নিকোস মাইকলসি ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার।
