সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্র সিরিয়ার বিদ্রোহীদের কী সহায়তা দেবে, তা সুনির্দিষ্ট করে জানাননি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে যুক্তরাষ্ট্র সিরিয়া যুদ্ধে জড়িয়ে পড়তে প্রস্তুত এমন গুঞ্জনকে অতিরঞ্জিত বলে উড়িয়ে দেন ওবামা।
সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। বিদ্রোহী যোদ্ধারা বলেছে, সরকারি সেনাদের মোকাবিলার জন্য তাদের সহযোগিতা প্রয়োজন। বিদ্রোহীদের সংগঠন ফ্রি সিরিয়ান আর্মি জানিয়েছে, হেলিকপ্টার ট্যাংক এবং কামান সজ্জিত সেনাবাহিনীকে প্রতিরোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
সমপ্রতি যুক্তরাষ্ট্র সিরিয়ার বিদ্রোহীদের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দেয়। সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের দমনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে এমন প্রমাণ পাওয়ার কথা বলে এ সিদ্ধান্ত নেয় দেশটি। গতকালের সংবাদ সম্মেলনেও ওবামা দাবি করেন, সিরিয়ার সরকারি বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। ওবামা বলেন, ‘সিরিয়ার বিদ্রোহীদের সামরিক সহায়তার আওতায় কী দেয়া হবে, তা আমি সুনির্দিষ্ট করে বলব না। বলতে পারি না।’
তবে এর আগে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, বিদ্রোহীদের কাছে ছোট অস্ত্রের চালান পাঠানো হবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমালোচনা করে ওবামা বলেন, দেশটিতে গোলযোগ আর রক্তপাতের জন্য প্রেসিডেন্ট বাশার দায়ী। এই পদে বৈধভাবে তার অবস্থান এখন অসম্ভব।
