পাহাড় ধসে ভেঙ্গে গেছে শত বছরের মন্দির

আপডেট : ২০ জুন ২০১৩, ২১:১০
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের শত বছরের প্রাচীন সুসং দুর্গাপুর মহারাজা ভূপেন্দ সিংহ শর্মা নির্মিত গোপাল বাড়ী চেংগ্নী গ্রামে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শ্রী শ্রী গর্গনাথ গোপাল ঠাকুরের (শংকর ঠাকুর) মন্দিরটি ভারি বৃষ্টি ও পাহাড় ধসে সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে। কলমাকান্দা দুর্গাপুর ও মধ্যনগর উপজেলায় বসবাসরত আদিবাসী হাজং সম্প্রদায়ের প্রধান তীর্থ স্থান গোপালবাড়ী শংকর দেবতার মন্দির। মন্দিরের সেবক যতিন্দ চন্দ হাজং জানান, শত বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী গর্গনাথ গোপাল ঠাকুরের এ মন্দিরে আদিবাসী হাজং সম্প্রদায় দোল পূর্ণিমা উপলক্ষে তিন দিনব্যাপী পূজা অর্চনা ও মেলার আয়োজন হয়। এতে আদিবাসী হাজং সম্প্রদায় ছাড়াও অন্য সম্প্রদায়ের হাজার হাজার লোকজন অংশগ্রহণ করেন। মন্দির পরিচালনা কমিটির সভাপতি ক্ষুদিরাম হাজং এবং ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশানের চেয়ারম্যান ভুবন চাম্বুগং মন্দিরটি সহসা নির্মাণের জন্য সরকার, জনপ্রতিনিধি ও হূদয়বান লোকদের সহায়তা কামনা করেছেন।