সরাইল অরুয়াইল বাজারের অর্ধশতাধিক ব্যবসায়ীদের হয়রানিসহ সড়ক ও নৌপথে মালামাল আনা-নেয়ায় বাধা সৃষ্টি করছে প্রভাবশালী কিছু লোক।
এলাকাবাসী ও বাজার ব্যবসায়ী সূত্রে জানা গেছে, সরাইল উপজেলার পাকশিমুলের ৬০/৭০ জন ব্যক্তি প্রায় ৩০ বছর যাবত্ অরুয়াইল বাজারে ব্যবসা করে আসছেন। এ ব্যাপারে পাকশিমুল এলাকার মোঃ আহাম্মদ মিয়া বলেন, সম্প্রতি অরুয়াইলের কিছু লোক তাদের গোষ্ঠির কলেজপড়ুয়া ছাত্রকে পিটিয়ে হত্যা করে। এরপর পাকশিমুল এলাকার নেতারা সিদ্ধান্ত নেয় তারা অরুয়াইল বাজারে না গিয়ে পাকশিমুলে নতুন বাজার গড়ে তুলবে। এই সিদ্ধান্ত অমান্য করে যারা অরুয়াইল বাজারে যাচ্ছে বাধা দেয়া হচ্ছে।
অরুয়াইল বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজী আবু তালেব বলেন, পাকশিমুলে বাজার গড়ে উঠায় তাদের আপত্তি নেই তবে ব্যবসায়ীদের বাধা দেয়া ও মালামাল লুটের বিষয়টি বে আইনী। অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন, বাধার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাকশিমুল ইউপির চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক বলেন, এভাবে ব্যবসায়ীদের বাধা দেয়া অন্যায়। অরুয়াইল পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এস.আই) আবু বক্কর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাকশিমুলের কিছু লোক ব্যবসায়ীদের বাধা দিচ্ছে এবং তাদের মালামালও আটক করছে। ব্যবসায়ীদের নিরাপদ চলাচল ও মালামাল আনা-নেয়ার ব্যাপারে পুলিশ সহযোগিতা করে আসছে।
