সিপিএলে খেলছেন না চন্দরপল

আপডেট : ২০ জুন ২০১৩, ২১:৪০
প্রথম ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল। ইংলিশ কাউন্টি দল ডার্বিশায়ারের সঙ্গে চুক্তির দায়বদ্ধতার কারণে সিপিএল থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন তিনি। আয়োজকরা জানান, সিপিএলে তাকে পাওয়া যাবে বলে চুক্তিবদ্ধ হন চন্দরপল। কিন্তু পরে বুঝতে সক্ষম হন যে, ডার্বিশায়ারের সঙ্গে চুক্তি অনুযায়ী কেবল ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের খেলা থাকলেই ছুটি পাবেন তিনি। চন্দরপল বলেন, ‘চুক্তির সীমাবদ্ধতার কারণে সিপিএলে অংশ নিতে না পেরে আমি আন্তরিকভাবে দুঃখিত। অবশ্যই আমি পরবর্তী আসরে খেলব এবং আগামী দিনে যাতে এ টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে পারি সেজন্য আমার চুক্তিতে একটা ধারা রাখব।’ সিপিএলে সেন্ট লুসিয়ার পক্ষে চন্দরপলের খেলার কথা ছিল। সেন্ট লুসিয়ার প্রধান কোচ অ্যান্ডি রবার্টস বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্য যে, আমাদের পক্ষে চন্দরপল খেলতে পারছেন না।’ চন্দরপলের নাম প্রত্যাহারে দরজা খুলেছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান লুক পমারব্যাচের। রবার্টস বলেন, ‘বিকল্প হিসাবে পমারব্যাচকে পাওয়ায় আমরা খুশি।’ পমারব্যাচ বলেন, ‘এমন নতুন সুযোগ সৃষ্টি হওয়ায় আমি অত্যন্ত খুশি এবং সত্যিই আমি সেন্ট লুসিয়ার হয়ে খেলার অপেক্ষায় ছিলাম।’ সেন্ট লুসিয়া দলের নেতৃত্ব দেবেন ড্যারেন সামি ও হার্শেল গিবস। এছাড়া দলের অন্য খেলোয়াড়রা হলেন অ্যালবি মরকেল, টিনো বেষ্ট, তামিম ইকবাল, শেন শিলিংফোর্ড, ডেভন স্মিথ, আন্দ্রে ফ্লেচার, গ্যারি মাথুরিন, লিয়াম সেবাস্তিন, ডালটন পোলিউস, কাভেম হজ, কেন্ট্রয় পিটার্স এবং নেলন প্যাসকাল।