কাপড়ের চাহিদা বছরে সাড়ে পাঁচশ’ কোটি মিটার

আপডেট : ২০ জুন ২০১৩, ২১:৪৬
বছরে দেশে কাপড়ের চাহিদা সাড়ে পাঁচশ’ কোটি মিটার। এর মধ্যে দেশে উত্পাদিত হয় আড়াইশ’ কোটি মিটার। গতকাল বৃহস্পতিবার বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে টেবিলে উপস্থাপন করা প্রশ্নোত্তর পর্বে বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী সংসদকে এ তথ্য জানান। পিনু খানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিপুল পরিমাণ চাহিদার বিপরীতে দেশে উত্পাদিত হয় দুই হাজার ৫৪২ মিলিয়ন মিটার। মোট চাহিদা হচ্ছে পাঁচ হাজার ৬১২ মিলিয়ন মিটার। আগামী ২০১৪-২০১৫ সালে চাহিদা গিয়ে দাঁড়াবে সাত হাজার ১৬৪ মিলিয়ন মিটার আর উত্পাদন হবে তিন হাজার ৯২৪ মিলিয়ন মিটার। অবশিষ্ট কাপড় আমদানির মাধ্যমে পূরণ করা হবে। গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বন্ধ হয়ে যাওয়া সাতটি বস্ত্রকল চালু করা হয়েছে। এতে সরকারের ব্যয় হয়েছে ১৩ কোটি ৪৪ লাখ টাকা এবং প্রায় দুই হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। পদ্মা সেতুর মূল দরপত্র বেগম রওশন জাহান সাথীর প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের জানান, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর আহ্বান সচেতন ও আত্মমর্যাদাশীল নাগরিকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। আগামী মাসের শুরুতেই মূল সেতুর দরপত্র প্রক্রিয়া শুরু করে ঠিকাদার নিয়োগ চূড়ান্ত করার মাধ্যমে দ্রুততম সময়ে সেতুর নির্মাণ কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে পদ্মা সেতু প্রকল্পের বাস্তবায়নের কাজ চলমান আছে এবং ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন কার্যক্রম প্রায় শেষের দিকে। যানবাহন সাড়ে ১৯ কোটি নাজিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে রেজিস্ট্রেশন করা মোটরযানের সংখ্যা প্রায় ১৯ কোটি ৫০ লাখ। বিআরটিএ গাড়ি চালকদের লাইসেন্স প্রদান করে। সে কারণে বৈধ লাইসেন্সধারী চালকের সংখ্যা ১৪ কোটি ৫০ লাখ। আর এ পরিসংখ্যান থেকেই অনুমান করা যায় সারাদেশে পাঁচ লাখ অবৈধ লাইসেন্সধারী চালক থাকতে পারেন। শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী জানান, একটি শহরের সুষ্ঠু পরিবহন ব্যবস্থার জন্য প্রয়োজন ২০ থেকে ২৫ ভাগ সড়ক অবকাঠামো। কিন্তু রাজধানীতে রয়েছে মাত্র সাত থেকে আট ভাগ সড়ক। এছাড়া উল্লেখযোগ্য অংশ থাকে অবৈধ হকার ও দোকানিদের দখলে। আর এ কারণে ২০ বছরের পুরনো বাস, মিনিবাস তুলে দেয়ার পরও যানজট পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হয়নি। এ জন্য প্রয়োজন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থার সমন্বিত উদ্যোগ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা কাজ করে যাচ্ছে। আশা করা যায় সহসাই পরিস্থিতির আরও উন্নতি হবে। সেতু টোল ৩৫২ কোটি টাকা বেগম নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী জানান, গত অর্থ বছরে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের সড়ক ও জনপথ অধিদফতরের আওতায় সেতু টোল হিসাবে আদায় হয়েছে ৩৫২ কোটি ১০ লাখ ৮৫ হাজার টাকা। বরিশালে রেললাইন যাবে মো. মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক জানান, বরিশাল তথা দক্ষিণাঞ্চলের সাথে বৃহত্তর ফরিদপুরের রেল সংযোগ কল্পে ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির অনুমোদন কার্যক্রম প্রক্রিয়াধীন। হরতালে রেলের ক্ষতি নাছিমুল আলম চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত বিএনপি ও জামায়াতের হরতালে নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে রেলওয়ের প্রায় ২৪ কোটি ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। অবৈধ দখলে রেলের জমি একই সদস্যের লিখিত অপর এক প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী জানান, রেলওয়ের চার হাজার ৪৮৬ দশমিক ৬৮ একর রেলভূমি অবৈধ দখলে রয়েছে। এরমধ্যে পূর্বাঞ্চলে এক হাজার ৭৮ দশমিক ১৫ এবং পশ্চিমাঞ্চলে তিন হাজার ৪০৮ দশমিক ৫৩ একর জমি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের ৩১ মে পর্যন্ত পূর্বাঞ্চলে ১৫৩ দশমিক ৯৩ একর এবং পশ্চিমাঞ্চলে ৩২ দশমিক ৬৯ একর জমি অবৈধ দখল থেকে উদ্ধার করা হয়েছে।