কর্মক্ষেত্রে নারীদের আরো সাহসী মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে

আপডেট : ২০ জুন ২০১৩, ২১:৪৮
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জীবন ও কর্মক্ষেত্রে যুদ্ধ মোকাবিলায় নারীদের আরো কঠোর ও সাহসী মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। দেশকে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করতে গণতন্ত্রের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, দেশে দারিদ্র্য দূরীকরণ, পরিবেশের বিপর্যয় রোধ, জঙ্গি ও সন্ত্রাস দমন এবং লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তাতে নারী সাংবাদিকদের সম্পৃক্ত হতে হবে। তিনি জুন মাসের মধ্যেই সংবাদপত্রের জন্য ৮ম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণা করা হবে বলে জানান। গতকাল এশিয়ান উইমেন ইন মিডিয়া (সোম) বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন। ‘বাংলাদেশ ইলেকট্রনিক মিডিয়ায় নারী সাংবাদিকদের অবস্থা’ শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করেন সোম বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট রাশিদা আমিন। সেমিনারে বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ড. মীজানুর রহমান শেলী, সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া এসোসিয়েশনের (সাফমা) প্রেসিডেন্ট রিয়াজউদ্দিন আহমেদ এবং সাফমার সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান ফারুক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সোম বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোমের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাসিমুন আরা মিনু । অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় নারী সাংবাদিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।