সালদার গ্যাস কসবায় সরবরাহের দাবিতে সর্বদলীয় কসবা গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচি মোতাবেক গতকাল বৃহস্পতিবার কসবা রেলস্টেশনে ৩ ঘণ্টা রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে পরে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়।
জানা যায়, কসবায় গ্যাস সংযোগের দাবিতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, নারী-পুরুষসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ ঐক্যবদ্ধভাবে ব্যানার-ফেস্টুন নিয়ে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৩ ঘণ্টা কসবা রেলপথ অবরোধ করে রাখে। ফলে আন্তঃনগর সুবর্ণা এক্সপ্রেস কুমিল্লা, আন্তঃনগর উপকূল এক্সপ্রেস রাজাপুর, জালালাবাদ মেইল ট্রেইন আখাউড়া, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রাম-ঢাকা, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-ময়মনসিংহ রেলপথে বিভিন্ন স্টেশনে বিভিন্ন ট্রেন আটকা পড়ে। এতে যাত্রীসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়। অবরোধ চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ ছাল্লাহ কসবায় গ্যাস সংযোগের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং গ্যাস সংযোগের বিষয়ে প্রশাসনিক সহযোগিতা প্রদানের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নিতে অনুরোধ করেন। পরে অবরোধ তুলে নেয়া হয়।
