বন্দরনগরী চট্টগ্রামের হাটহাজারী সড়কের রৌফাবাদ মোড়টি অত্যন্ত ব্যস্ত সড়ক। এই সড়কটিতে রয়েছে চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত আমিন জুট মিলস্, পোশাক শিল্প প্রতিষ্ঠান, এমএম আগাসহ অসংখ্য কারখানা। ফলে সড়কটি দিয়ে ভারি যানবাহনের চলাচল বেশি। এছাড়া আমিন জুট মিল থেকে অক্সিজেন মোড় পর্যন্ত সড়কটি অনেকটা ফাঁকা হওয়ায় যানবাহনগুলো চলে দ্রুতগতিতে। রৌফাবাদ মোড়ে স্পিডব্রেকার না থাকায় প্রতিদিন দুর্ঘটনা ঘটেই চলছে। পথচারীরা সব সময় আতঙ্কে তটস্থ থাকে কখন না জানি দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। তাই রৌফাবাদ মোড়ে স্পিডব্রেকার অত্যন্ত জরুরি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. নুরুল কবির স্বপন, চট্টগ্রাম
