সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ বনদস্যু নিহত, ১৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার

আপডেট : ২০ জুন ২০১৩, ২২:৫১
সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই বনদস্যু বাহিনীর প্রধানসহ তিন বনদস্যু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে সুন্দরবন পশ্চিম বিভাগের কলাগাছির পশুর নদীর ভরানীখাল এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১৩টি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু গুলি। নিহতরা হলেন, সুন্দরবনের সাইজ্জ্যা বাহিনীর প্রধান মাহাবুব সাইজ্জা (৪০), আমজাদ বাহিনীর প্রধান আমজাদ (৪২) ও এক অজ্ঞাতনামা (৩০) বনদস্যু। এসময় ৫ জেলেকে উদ্ধার করেছে র্যাব। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে দু’টি থ্রি নট থ্রি রাইফেল, দু’টি দশমিক ২২ বোর রাইফেল, চারটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, একটি ৯ এমএম পিস্তল, একটি দেশি পিস্তল, দু’টি এয়ারগান, একটি ম্যাগজিন এবং বন্দুকের ২১টি, পিস্তলের ২টি ও এয়ারগানের এক বাক্স গুলি। র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সাব্বির রহমান ওসমানী জানান, গতকাল ভোরে নিয়মিত টহল দেয়ার সময় সুন্দরবনের পশুর নদীর ভারানী খাল এলাকায় গোলবনের ভেতরে মানুষের চলাফেরা টের পেয়ে র্যাব-৮ এর সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় দস্যুদল র্যাবের উপর গুলি ছোঁড়া শুরু করলে র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। সকাল ৬টা ৫০ মিনিট থেকে সোয়া সাতটা পর্যন্ত প্রায় পঁচিশ মিনিট গুলি বিনিময়ের পর বনদস্যুরা পিছু হটে। এ সময় র্যাব সদস্য এলাকা তল্লাশি করে তিনটি মৃতদেহ, ১৩টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। তিনি বলেন, প্রাথমিকভাবে স্থানীয় জেলেরা দুটি লাশ শনাক্ত করেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। শ্যামনগর থানার ওসি তারক বিশ্বাস জানান, অভিযান শেষে র্যাব দুপুরে নিহত তিন বনদস্যুর লাশ ও আগ্নেয়াস্ত্র শ্যামনগর থানায় হস্তান্তর করেছে।