সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সামনে হিটস্ট্রোকে আতাউল গণি খান (৩০) নামের এক বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। বাংলাদেশ সময় বুধবার বিকেলে অলাইয়া দূতাবাসের সামনে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় সিমিসি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
আতাউল গণি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের খোরশেদ উদ্দিন খানের ছেলে।
আতাউলের পারিবারিক সূত্র জানায়, ২০০৩ সালে রিয়াদের আল সামারি কোম্পানিতে শ্রমিকের কাজ নেয় আতাউল। ২০০৮ সালে তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও সে দেশে ফেরেনি। ভিসা নবায়ন করার জন্য আতাউল বুধবার অলাইয়া রিয়াদ বাংলাদেশ দূতাবাসের লাইনে দাঁড়িয়ে ছিল। এসময় প্রচণ্ড গরমে সে হিটস্ট্রোকে আক্রান্ত হয়।
আতাউলের বৃদ্ধ বাবা খোরশেদ উদ্দিন জানান, তার ছেলের লাশ দেশে ফেরত দেয়ার ব্যাপারে এখনও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ ব্যাপারে তিনি সৌদি ও বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
