যুক্তরাজ্যের প্রিন্সেস ডায়না যে হাসপাতালে সন্তান জন্ম দিয়েছিলেন সেই একই হাসপাতালে সন্তান জন্ম দিতে যাচ্ছেন ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন। জন্ম নেয়া সন্তানই হবেন ব্রিটিশ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী। তবে সন্তান ছেলে না মেয়ে হবে সেই বিষয়ে বাকিংহাম প্যালেস এখন পর্যন্ত কিছু জানায়নি। আগামী মাসে কেটের সন্তান জন্ম দেয়ার কথা রয়েছে। খবর রয়টার্সের।
পশ্চিম লন্ডনের পাদিংটনের সেন্ট মেরিস হাসপাতালে প্রিন্স উইলিয়াম ও হেরিকে জন্ম দিয়েছিলেন প্রিন্সেস ডায়না। যিনি ১৯৯৭ সালে প্যারিসে সড়ক দুর্ঘটনায় মারা যান। কেটের সন্তান জন্মদানের বিষয়টি দেখভাল করবেন রাণী দ্বিতীয় এলিজাবেথের সাবেক চিকিত্সক স্ত্রী রোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ মার্কুস ছেছেল। সন্তানের বিষয়ে বাকিংহাম প্যালেস থেকে কিছু জানানো না হলেও মেয়ে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজসিংহাসনের ঐতিহ্য অনুযায়ী সন্তানের জন্মদানের পর তার লিঙ্গসহ সব বিষয়ের বর্ণনা সম্বলিত একটি কাগজ খামে করে রাণীর কাছে হাসপাতাল থেকে পাঠানো হবে। এরপর প্রাসাদের প্রধান গেটে খবরটি প্রচার করা হবে। প্রিন্স উইলিয়াম (৩০) এবং কেট মিডলটন (৩১) ২০১১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
