পল্টন থানার দুই মামলায় হাজিরা দিলেন মির্জা ফখরুল

আপডেট : ২০ জুন ২০১৩, ২২:৫৪
পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পল্টন থানায় দায়ের করা দুই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বৃহস্পতিবার আদালতে হাজিরা দিলেন। গত বছর ডিসেম্বরে পুলিশের দায়ের করা মামলা দুটি’র একটিতে মির্জা ফখরুল ও রিজভী আহমেদকে এজাহার নামীয় আসামি করা হয়। অপরটিতে ফখরুলকে গ্রেফতার দেখানো হয়। গতকাল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আদালতে না আসতে পারায় তার পক্ষে সময়ের আবেদন করা হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার ছাদাত রিজভীর আবেদনটি মঞ্জুর করেন। একইসঙ্গে মামলা দুটিতে পুলিশ প্রতিবেদন দাখিল ও আসামিদের উপস্থিতির জন্য আগামী ২১ জুলাই দিন ধার্য করেন।