চসিকের সার্ধশতবার্ষিকী উত্সব আজ শুরু

আপডেট : ২০ জুন ২০১৩, ২২:৫৪
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৫০ বছর পূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা আজ শুক্রবার শুরু হচ্ছে। আজ বিকাল ৪টায় নগরীর আউটার স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও দামপাড়া এমএম আলী রোডে নগরবাতি প্রজ্বলনের মাধ্যমে উত্সবের সূচনা হবে। শোভাযাত্রা ও নগরবাতি উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম। আগামীকাল শনিবার সকাল ১০টায় দ্বিতীয় দিনের কর্মসূচির মধ্যে রয়েছে প্রামাণ্য চিত্র প্রদর্শন, স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, সাবেক মেয়র, প্রশাসক ও চেয়ারম্যানদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি। রবিবার তৃতীয় ও শেষ দিন সকাল ১০টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান।