এক মঞ্চে ৫ মেয়র প্রার্থী জনতার মুখোমুখি

আপডেট : ২০ জুন ২০১৩, ২২:৫৫
এক মঞ্চে বসে জনতার মুখোমুখি হলেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫ মেয়র প্রার্থী। এসময় তারা এলাকার উন্নয়নে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন এবং ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সঠিক প্রার্থী নির্বাচনের লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সনাকের সভাপতি অধ্যাপক মো. শহীদ উল্যা। সুজনের কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় এতে অংশ নেন ৫ মেয়র প্রার্থী যথাক্রমে বিএনপি সমর্থিত সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম. এ মান্নান (টেলিভিশন), মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জেলা আহবায়ক মেজবাহ উদ্দিন সরকার রুবেল (হাঁস), সচেতন নাগরিক পরিষদের ডা. নাজিম উদ্দিন আহমেদ (ঘোড়া), রিনা সুলতানা (প্রজাপতি) এবং মহাজোট সমর্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টঙ্গী পৌরসভার সাবেক মেয়র এডভোকেট আজমত উল্লাহ খান (দোয়াত কলম)। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে দেয়া ১৩ দফা অঙ্গীকারনামা দর্শকদের সামনে পড়ে শুনান অধ্যাপক মুকুল কুমার মল্লিক। পরে প্রার্থীগণ অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। এরপর প্রার্থীগণ দর্শকদের সরাসরি প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিআইবির পরিচালক (প্রশাসন) বাবু রঞ্জনেশ্বর হালদার, সনাকের অধ্যাপক আয়েস উদ্দিন, অধ্যাপক এম. এ বারী প্রমুখ। জমে উঠেছে প্রচারণা এদিকে গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে ওঠেছে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণ দিনভর ব্যস্ত থাকেন নিজেদের নির্বাচনী এলাকায় গণসংযোগ, পোস্টার-লিফলেট বিতরণ, মাইকিংসহ নানা প্রচার কাজে। গতকাল বৃহস্পতিবার মহাজোট সমর্থিত প্রার্থী এ্যাডভোকেট আজমত উল্লাহ খান সকালে দলীয় নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে দোয়াত-কলমের পক্ষে টঙ্গী আউচপাড়া, চেরাগ আলী মার্কেট, কাঁচা বাজার, দক্ষিণ আউচপাড়া প্রভৃতি এলাকায় ভোট প্রার্থনা ও গণসংযোগ করেন। অপরদিকে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যাপক এম. এ মান্নান তার টেলিভিশন প্রতীকের পক্ষে সকালে দলীয় নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে ছয়দানা মালেকের বাড়ী, ইছড়, শরীফপুর, জিয়াস খান স্কুল, মাহফুজ মার্কেট, নতুন বাজার, কামাড় ঝুড়ি প্রভৃতি এলাকায় গণসংযোগ করেন। এসময় তার সাথে ছিলেন সাবেক এমপি ও নির্বাচনের প্রধান সমন্বয়কারী হাসান উদ্দিন সরকার, বিএনপি নেত্রী শামা ওবায়েদ প্রমুখ।