যুদ্ধাপরাধ বিচারে আস্থা নেই চৌধুরী মুঈনুদ্দীনের

আপডেট : ২০ জুন ২০১৩, ২২:৫৭
একাত্তরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত চৌধুরী মুঈনুদ্দীন বলেছেন, বিচারের মুখোমুখি হয়ে হত্যাকাণ্ডের অভিযোগ থেকে তিনি অব্যাহতি পেতে আগ্রহী। কিন্তু বাংলাদেশে চলমান যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়ায় আস্থা না থাকায় বিচার সম্মুখীন হতে তিনি সাহস পাচ্ছেন না। বুধবার বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে উদ্ধৃত করে বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে তার এই বক্তব্য দেয়া হয়েছে। বিবিসি এশিয়ান নেওয়ার্কের সঙ্গে সাক্ষাত্কারে মুঈনুদ্দীন দাবি করেছেন, ১৯৭১ সালে তিনি অখণ্ড পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু কোনো মানবতা বিরোধী অপরাধের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। তার বিরুদ্ধে চলমান বিচার সম্পর্কে মুঈনুদ্দীন বলেছেন, ন্যায়বিচারের মধ্য দিয়ে তিনি খুনের অভিযোগ থেকে অব্যাহতি পেতে চান। উল্লেখ্য, চলমান যুদ্ধাপরাধ বিচারে চৌধুরী মুঈনুদ্দীনের বিরুদ্ধে ১৮ জন বুদ্ধিজীবীকে হত্যাসহ মোট ১৬টি অভিযোগে বিচার চাওয়া হয়েছে। গত ২৫ এপ্রিল ট্রাইব্যুনাল বুদ্ধিজীবী হত্যার আরেক অভিযুক্ত আশরাফুজ্জামানসহ মুঈনুদ্দীনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ১৯৭৩ সালে মুঈনুদ্দীন ব্রিটেনে পাড়ি জমান। বর্তমানে ৬৪ বছর বয়স্ক বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম এই আসামী স্ত্রী এবং চার সন্তানসহ নর্থ লন্ডনে বসবাস করছেন।