২বাংলার নাটকে সজল

আপডেট : ২১ জুন ২০১৩, ২০:০৬
এবার বাংলাদেশ ও কলকাতার যৌথ প্রযোজনার নাটকে অভিনয় করবেন এ সময়ের টিভি পর্দার সবচেয়ে জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা সজল। তাও ১টি নয়, দুইটি খণ্ড নাটকে অভিনয় করবেন তিনি। এ প্রসঙ্গে সজল বলেন, ‘স্ক্রিপ্ট পেয়েছি, নির্মাতাদের সঙ্গে কথাও হয়েছে। শুটিংও সম্ভবত আগামী মাস দুয়েকের মধ্যেই হবে। শুটিংয়ের তারিখ বাদে বাকি সব কিছুই কনফার্ম আছে। যেহেতু দুই বাংলার একটি প্রোডাকশন, তাই এর প্রস্তুতিটাও একটু বেশি। আশা করছি, দুটি খণ্ড নাটকই যেন আলোচনা ও প্রশংসা কুড়াতে পারে তেমন কিছুই উপহার দেবো।’ উল্লেখ্য, এর বাইরে সজল গত প্রায় মাস চারেক ধরেই আসছে দুই ঈদের নাটকের কাজ করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসছে রোজার ঈদে ক’টা নাটক যাবে আমি নিজেও এখনও কনফার্ম না। তবে গত বছর কিংবা তার আগের বছরের ন্যায় এত অধিক সংখ্যক নাটক যাবে না এতটুকু নিশ্চিত। কেননা, এখন কাজের ব্যাপারে আরও বেশি সতর্ক হয়েছি। স্ক্রিপ্টের কোথাও কোনো খুঁত থাকলে কাজ করছি না। পরিচালকের উপর ভিত্তি করে অনেক কিছু। তাই সংখ্যার দিক দিয়ে ভক্তরা একটু হতাশ হলেও মানের দিক দিয়ে পুষিয়ে যাবে।’