বাপ্পা মজুমদারের সেরা কিছু গানের সংকলন নিয়ে শিগগিরই প্রকাশ হবে ‘বেস্ট অব বাপ্পা মজুমদার’। তবে এটি সিডি অ্যালবামে প্রকাশ হবে না। এটি প্রকাশ হবে ইন্টারনেট অথবা মোবাইল ফোন সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে। এতে একটি ইনস্ট্রুমেন্টাল ছাড়া মোট সাতটি গান থাকবে। বর্তমানে নতুন করে এগুলোর সংগীতায়োজনের কাজ চলছে। দুটি গানের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন বাপ্পা মজুমদার। এ ছাড়া সাম্প্রতিক কাজের ভেতরে মানিক নামের এক তরুণ গায়কের একক অ্যালবামের কাজ করছেন তিনি। ‘স্মৃতি’ শিরোনামের গানটির কথাগুলো এমন—‘আকাশ জুড়ে মেঘের ভেলা/ নেই চাঁদের আলো খেলা/ মন আকাশে মেঘ জমেছে/ স্মৃতিরা দেয় পাহারা’। আসন্ন ঈদুল ফিতরে নিজের প্রথম একক অ্যালবাম ‘অবাক শহরে’-তে ‘স্মৃতি’ গানটি থাকবে বলে মানিক জানিয়েছেন। রেজাউর রহমান রিজভীর কথা ও বাপ্পা মজুমদারের সংগীতে গানটির সুর করেছেন শিল্পী নিজেই। গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘ভিন্ন স্বাদের একটি গান ‘স্মৃতি’। গানের কথা ও সুরে ভিন্নতা আছে। গতানুগতিক ধারার বাইরের এই গানটি সব বয়সী শ্রোতাদের হূদয়ই ছুঁয়ে যাবে।’ উল্লেখ্য, তরুণ কণ্ঠশিল্পী মানিকের ‘অবাক শহরে’ নামের এই একক অ্যালবামে এ সময়ের জনপ্রিয় সংগীত পরিচালকেরা কাজ করেছেন।
