একাধিক নাটকে ডি এ তায়েব

আপডেট : ২১ জুন ২০১৩, ২০:০৮
একসাথে একাধিক নাটকে এখন অভিনেতা ডি এ তায়েব। এটিএন বাংলায় প্রতি শনি, রবি ও সোমবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত ধারাবাহিক ডিবি নাটকের মাধ্যমে তিনি অভিনেতা হিসেবে শীর্ষে অবস্থান করছেন। ঠিক দ্বিতীয় অবস্থানে রয়েছে ডি এ তায়েব পরিচালিত আরটিভিতে প্রচারিত প্রতিদিনের ধারাবাহিক নাটক থানার নাম শনির আখড়া। তবে পুলিশ ও প্রশাসনের নানান গল্পই মূলত ডি এ তায়েবের নাটকের প্রধান উপজীব্য। আর নিজের পেশার জায়গাটিকেও যেন আরও বেশি পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টায় থাকেন তিনি। ডি এ তায়েব অভিনীত এবং পরিচালিত নাটক দুটি টিআরপি’র শীর্ষে অবস্থান করছেন বলে অভিনেতা নির্মাতা দাবি করেন। তিনি বলেন, ‘একজন অভিনেতা এবং পরিচালকের জীবনে এই সাফল্য অনেক বড় ব্যাপার। দীর্ঘদিন ধরেই অনেকের অনেক কথাকে তোয়াক্কা না করেই নিয়মিত এই কাজটি করে যাচ্ছি। অভিনয় তাই আমার কাছে অন্যতম নেশা আর ভালোলাগার জায়গা। সরকারি একটি গুরুত্বপূর্ণ পদে কাজ করে যাওয়ার পাশাপাশি নাটকে সম্পৃক্ত থাকা খুবই কষ্টের। আমার প্রতি সকলের ভালোবাসার কারণেই এটি সম্ভব হয়েছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ। জীবনের শেষ দিন পর্যন্ত আমি যাতে অভিনয় করে যেতে পারি এ জন্য সবার কাছে দোয়া চাই।’