জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের বেহাল দশা

আপডেট : ২১ জুন ২০১৩, ২১:০৮
জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কের জগন্নাথপুর উপজেলা সদর থেকে কেউনবাড়ি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কটির বেহাল দশার সৃষ্টি হয়েছে। এলজিইডি বিভাগের এ সড়কটি উপজেলাবাসীর যোগাযোগের একমাত্র মাধ্যম। বছরের পর বছর চলে গেলেও সড়কটি সংস্কার না হওয়ায় জনসাধারণের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য খানা-খন্দক ও গর্তের সৃষ্টি হয়ে পানি জমাট হওয়ায় যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জানা যায়, সড়কটির পুনঃসংস্কারের জন্য গতবছরের সেপ্টেম্বর মাসে দরপত্র আহবান করা হলে দু’গ্রুপে ঠিকাদার কাজ পায়। যথারীতি এপ্রিল মাস থেকে ঠিকাদার উপজেলা সদর থেকে সড়কটির কাজ শুরু করে। প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত সড়কটির কার্পেটিং কাজ শেষে ঠিকাদার কাজ বন্ধ করে দেয়। এলজিইডির উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, ২টি গ্রুপে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে পুনঃসংস্কারের জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। বৃষ্টির কারণে ঠিকাদার কাজ করতে পারছে না। আগামী ২/৩ মাসের মধ্যেই সড়কটির পুনঃসংস্কার কাজ শেষ হবে।