পাবনা সরকারি মহিলা কলেজের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার রাতে স্থানীয় আসলাম হোসেন নামের এক ব্যক্তির জমি দখলের চেষ্টার প্রতিবাদে বৃহস্পতিবার কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করে। এছাড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে কলেজ কর্তৃপক্ষ। কলেজ সূত্র জানায়, বুধবার রাতের অন্ধকারে শহরের পৌর এলাকার গোপালপুর মহল্লার বাসিন্দা আসলাম হোসেন সীমানা প্রাচীর বেষ্টিত কলেজের জায়গা অবৈধভাবে দখলের উদ্দেশ্যে বেশ কিছু ইট ফেলে। বৃৃহস্পতিবার সকালে কলেজে যাবার পর তা কর্তৃপক্ষের নজরে আসে। সকাল দশটার দিকে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অবৈধ দখলের অপচেষ্টা বন্ধের দাবিতে কলেজের সামনে মানববন্ধন করেন। এছাড়া বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা পরিষদ প্রশাসককে অবহিত করা হয়। পরে দুপুরে কলেজর অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এ বিষয়ে আসলাম হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ২০০৬ সালে জমিটি আমি ক্রয় করেছি। এরপর থেকে সরকারি রাজস্ব পরিশোধ করে আসছি।
