ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী বলেছেন, বাংলাদেশের নাগরিক হিসাবে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের ন্যায়সংগত দাবি মেনে নিতে হবে। সংবিধানে রক্ষিত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে রাজনৈতিক সমস্যার গ্রহণযোগ্য সমাধান রাজনৈতিকভাবে করতে হবে। গতকাল শুক্রবার রাজধানীতে একটি হোটেলে আদিবাসীদের অধিকার আইন বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বাঙালী ও পাহাড়ী সমপ্রদায় এক সাথে মুক্তি সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। তারাও এদেশের অন্যতম অংশীদার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামালের সঞ্চালনায় এবং যতীন্দ্র লাল ত্রিপুরা এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, বেগম রওশন জাহান সাথী এমপি, মো. জিয়াউর রহমান এমপি, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক দূতাবাসের কাউন্সিলর মিজ লেনে ভলকারসেন, আইএলও পরিচালক শ্রীনিবাস বি রেড্ডী, আরডিসির সেক্রেটারি জেনারেল মিজ জান্নাত-ই-ফেরদৌসি এবং গৌতম কুমার চাকমা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার রক্ষায় ফিলিপাইনের অনুরূপ সংসদে বাংলাদেশের আদিবাসীদের অধিকার আইন পাস এবং সাংবিধানিক স্বীকৃতি প্রদানের আহ্বান জানান।
