ধানের গুদাম হিসাবে শ্রেণি কক্ষের ব্যবহার

আপডেট : ২১ জুন ২০১৩, ২২:৩৪
বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের নহরাপাড়া বেসরকারি রেজি. প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলোকে ধানের গুদাম হিসেবে ব্যবহার করছেন। গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে উপস্থিত হয়ে দেখা যায়, বিদ্যালয়টির তিনটি শ্রেণিকক্ষের মধ্যে পূর্ব ও পশ্চিমের দুইটি শ্রেণিকক্ষে ধান ও ধানভর্তি বস্তা রাখা হয়েছে। পশ্চিম পাশের কক্ষটিতে প্রায় ৫০ থেকে ৬০ মণ ধান স্তূপ করে রাখা আছে। আর এ অবস্থাতেই বেশ কয়েকদিন ধরে বিদ্যালয়টিতে পাঠদান কার্যক্রম চলছে। গত ১৬ জুন দুপুরে ক্লাস চলার সময় ধানের বস্তার নিচে চাপা পড়ে উলখার গ্রামের সাইফুলের কন্যা ও ঐ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সুরাইয়ার ডান হাত ভেঙ্গে যায়। পরে তার পিতা সুরাইয়াকে চিকিত্সার জন্য বগুড়ায় নিয়ে যান। বর্তমানে সুরাইয়া অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছে, স্কুলে যেতে পারছে না। ধান রাখার বিষয়টি নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং সাবেক ইউপি সদস্য আবু সাঈদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। অন্যদিকে প্রধান শিক্ষক গোলাম রব্বানী এ বিষয়ে কিছু না লেখার জন্য অনুরোধ জানান।