খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জীব বিজ্ঞান স্কুলের পরীক্ষা গ্রহণসহ একাডেমিক কার্যক্রম চালু রাখার পক্ষে বিশ্ববিদ্যালয়ের ৩১ জন শিক্ষকের দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষে হাইকোর্ট উপাচার্যসহ ১১ শিক্ষকের বিরুদ্ধে রুল জারি করেছে। গত বৃহস্পতিবার বিচারপতি মীর্জা হোসেন হায়দার ও বিচারপতি খোরশেদ আলম সরকার এর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই রুল জারি করেন।
জীব বিজ্ঞান স্কুলের পরীক্ষা গ্রহণসহ শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ড কেন চালু রাখার জন্য নির্দেশ দেয়া হবে না তা জানাতে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলেছেন আদালত। রিটে ৩১ জন আবেদনকারী শিক্ষকের পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী ড. শাহদীন মালিক। বিশ্ববিদ্যালয়ের ১১ জন বিবাদী শিক্ষকের মধ্যে রয়েছেন ভিসি, জীব বিজ্ঞান স্কুলের ডিন, রেজিস্ট্রার, ঐ স্কুলের সাত জন ডিসিপ্লিন প্রধান এবং পরীক্ষা নিয়ন্ত্রক। অপরদিকে রিটকারী বিশ্ববিদ্যালয়ের ৩১ জন শিক্ষকের মধ্যে রয়েছেন প্রফেসর ড. সারওয়ার জাহান, প্রফেসর ড. মাহমুদ হোসেন, প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা, প্রফেসর মামুনুর রশীদ, প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, গত ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান স্কুলের ডিন হিসাবে ফার্মেসী ডিসিপ্লিনের অধ্যাপক ড. সমীর কুমার সাধুকে নিয়োগ দিলে বেঁকে বসেন ওই স্কুলের ডিসিপ্লিন প্রধান এবং শিক্ষকদের একাংশ। তারা যে ধারায় এই নিয়োগ দেয়া হয়েছে তা সঠিক হয়নি বলে দাবি করে বেশ কিছুদিন ধরে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অসহযোগিতা করে আসছেন।
