আশুগঞ্জ কেন্দ্রে ৩ ইউনিটের নির্মাণ শুরু

‘চলতি বছর জাতীয় গ্রীডে যোগ হবে আরও ১ হাজার মে.ওয়াট বিদ্যুত্’

আপডেট : ২১ জুন ২০১৩, ২৩:০৬
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির অধীনে ৮৮৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরো নতুন ৩টি ইউনিটের নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী ২০১৫ সালের মধ্যে এই ৩টি ইউনিটের কাজ শেষ হলে এই বিদ্যুত্ কেন্দ্রের উত্পাদন ক্ষমতা দ্বিগুণ ছাড়িয়ে যাবে। বর্তমানে আশুগঞ্জ বিদ্যুত্ কেন্দ্রের মোট ৯টি ইউনিটের উত্পাদন ক্ষমতা ৬৭৮ মেগাওয়াট। শুক্রবার বিকালে বিদ্যুত্ সচিব মনোয়ার ইসলাম এনডিসি বিদ্যুত্ কেন্দ্র পরিদর্শন করেন এবং নতুন ৩টি ইউনিটের কাজের অগ্রগতি দেখেন। এ সময় বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহাব খান, পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উল্লাহ, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আলম সেখানে উপস্থিত ছিলেন। বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহাব খান জানান, চলতি বছর ভারত থেকে ৫শ’ মেগাওয়াট বিদ্যুত্ আমদানি করা হচ্ছে। এছাড়া দেশের কয়েকটি নতুন ইউনিট থেকে যোগ হবে আরো ৫শ’ মেগাওয়াট বিদ্যুত্। সব মিলিয়ে চলতি বছর জাতীয় গ্রীডে যোগ হবে আরো ১ হাজার মেগাওয়াট বিদ্যুত্। এতে করে দেশে বিদ্যুতের লোডশেডিং বিগত দিনের তুলনায় অনেকাংশে কমে আসবে।