ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবে এনায়েতুল্লাহর পরিবার

আপডেট : ২১ জুন ২০১৩, ২৩:১৩
গাজীপুর বার সমিতিতে বোমা হামলার মামলায় ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবে জেএমবি নেতা এনায়েতুল্লাহ ওরফে ওয়ালিদের পরিবার। গতকাল শুক্রবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামে এনায়েতুল্লাহর বাবা মাওলানা আঃ সামাদ তার ছেলের ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়টি স্থানীয় সাংবাদিকদের কাছে ব্যক্ত করেন। মাওলানা আঃ ছামাদ জানান, ‘আমার নয় সন্তানের মধ্যে এনায়েতুল্লাহ সবচেয়ে ভদ্র। আমার ধারণা, পরিস্থিতির শিকার হয়ে এনায়েত বিপথগামী হয়েছে। সে এতবড় অপরাধ করতে পারে এটা আমি বিশ্বাস করি না। তাই এ রায়ের বিরুদ্ধে আমি আপিল করবো। ২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর বার সমিতিতে বোমা হামলা করা হয়। এই হামলায় ৮ জন নিহত হয়। গত বৃহস্পতিবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১০ জঙ্গিকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। ওই মামলার অন্যতম আসামি এনায়েতুল্লাহ ওরফে ওয়ালিদ।