ইজিবাইক শ্রমিকদের সাথে দ্বন্দ্বের জের

পার্বতীপুরের বিভিন্ন সড়ক অবরোধ করে রেখেছে বাস শ্রমিকরা

আপডেট : ২১ জুন ২০১৩, ২৩:১৪
দিনাজপুরের পার্বতীপুরে ইজিবাইক ও বাস শ্রমিকের মধ্যে দ্বন্দ্বের জের ধরে পরিবহন শ্রমিকরা দিনাজপুর-পার্বতীপুর সড়ক এবং সেই সঙ্গে পার্বতীপুর-রংপুর, পার্বতীপুর-গাইবান্ধা ও পার্বতীপুর-নীলফামারী সড়কও অবরোধ করে রেখেছে। গত বৃহস্পতিবার রাত থেকে দিনাজপুর-পার্বতীপুর সড়ক অবরোধ করা হলেও গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা পার্বতীপুর শহরের চার রাস্তা মোড়ে যানবাহন দিয়ে ওই সড়কগুলোও অবরোধ করে। ফলে পার্বতীপুরের সাথে রংপুর, নীলফামারী, দিনাজপুর ও গাইবান্ধা জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল সকাল থেকেই শ্রমিকরা পার্বতীপুর বাস টার্মিনালে বিক্ষোভ করে। শ্রমিকরা জানিয়েছে, সম্প্রতি নসিমন-করিমন, ইজিবাইক-ভটভটি চলাচল না করলেও ইজিবাইক চালকরা দেদারসে চলাচল করছে ও বাস-ট্রাকসহ যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। পার্বতীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহুরুল হক কদম আলী বলেন, যতক্ষণ পর্যন্ত এসব ব্যাপারে সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে।