রাবির হল দখলে মরিয়া শিবির

আপডেট : ২১ জুন ২০১৩, ২৩:১৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আধিপত্য ফিরে পেতে মরিয়া হয়ে ওঠেছে শিবির। বিশেষ করে আবাসিক হলগুলো দখলে তারা জোর তত্পরতা শুরু করেছে। অন্যদিকে ক্যাম্পাসে শিবিরের উপস্থিতিতে হল ছাড়ছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। গোয়েন্দা পুলিশ ও শিবিরের একটি গোপন সূত্রে জানা গেছে, বুলবুলের জয়লাভের পর পরই শিবির নেতারা ক্যাম্পাসে অবস্থান নিতে শুরু করে। তাদের ধারণা ছিল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির বিজয়কে পুঁজি করে তারা বিশ্ববিদ্যালয় এবং পুলিশ প্রশাসনের তেমন কোন বাধার সম্মুখীন হবে না। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নিষ্ক্রিয়তার সুযোগে ক্যাম্পাসে একক আধিপত্য বিস্তারে সফল হবে। কিন্তু প্রশাসন প্রথম দিকে তাদেরকে ছাড় দিলেও গত কয়েকদিন যাবত্ বিশৃঙ্খলার আশঙ্কায় তাদেরকে ক্যাম্পাসে শো-ডাউন ও বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেয়নি। এমনকি ক্যাম্পাসের কোথাও তাদেরকে দাঁড়াতে পর্যন্ত না দেয়ায় তারা ক্যাম্পাসে প্রকাশ্যে শো-ডাউনের পরিবর্তে হলগুলোতে অবস্থান শক্ত করার কৌশল হাতে নিয়েছে।