‘সিটিজেম্স’ নামে প্রায়োরিটি (অগ্রাধিকারমূলক) ব্যাংকিং সেবা চালু করলো বেসরকারি খাতের সিটি ব্যাংক। এ সেবার আওতায় গ্রাহকরা ঢাকা ও চট্টগ্রামে ব্যাংকের তিনটি শাখায় স্থাপিত আধুনিক ও আন্তর্জাতিক মানের লাউঞ্জ সুবিধা উপভোগ করতে পারবেন। এসব শাখায় লাউঞ্জগুলোতে গ্রাহকদের ব্যক্তিগত ব্যবহারের জন্য ভার্চুয়াল অফিস, ব্যবসায়িক কাজের জন্য মিটিং রুম, ব্যাংকের সৌজন্যে মধ্যাহ্নভোজসহ নানা ধরনের সুযোগ-সুবিধা থাকবে। গতকাল শনিবার রাজধানীতে অবস্থিত সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ, ব্যবস্থাপনা পরিচালক কে মাহমুদ সাত্তার ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন সিটিজেমসের বিভিন্ন সেবা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় ব্যাংকের পরিচালক আজিজ আল কায়সার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন ও ফারুক মঈনুদ্দীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে দুই-একটি ব্যাংক প্রায়োরিটি ব্যাংকিং চালু করলেও সিটি ব্যাংক আন্তর্জাতিক মানের এ সেবা চালু করতে যাচ্ছে। ব্যাংকের প্রিমিয়াম গ্রাহকরা যাতে স্বাচ্ছন্দ্যে ব্যাংকিং সেবা পেতে পারে এজন্যই এ ধরনের ব্যাংকিং চালু করা। যেসব গ্রাহকের চলতি সঞ্চয়ী হিসাবে বছরে গড়ে কমপক্ষে ৩৫ লাখ টাকা এবং স্থায়ী আমানত ক্ষেত্রে ৫০ লাখ টাকা স্থিতি থাকবে কেবলমাত্র তারাই এ সেবা ভোগের উপযোগী হবেন।
