ভুল করে জনপ্রিয়!

আপডেট : ২২ জুন ২০১৩, ২০:২৮
প্রতিনিয়ত বিশ্বের নানা প্রান্তে কত উপলক্ষেই না কত ধরনের কেক তৈরি হচ্ছে! এসব কেকের কোনো কোনোটির চোখ ধাঁধানো নকশা দিয়ে খ্যাতি আদায় করে নিচ্ছেন অনেক কেক প্রস্তুতকারকও। যদিও সাম্প্রতিক সময়ে নিজের একটি ভুলের কারণে আমেরিকার এক বেকার (কেক প্রস্তুতকারী) যে পরিমাণ খ্যাতি পেয়েছেন তাতে ঈর্ষা হতে পারে অন্য যে কারোই। যেখানে হরহামেশা চমত্কার সব কেক বানিয়েও ইন্টারনেট নির্ভর প্রচার দুনিয়ায় খ্যাতি মিলছে না অনেক নামকরা কেক প্রস্তুতকারকের সেখানে হাস্যকর এক ভুলই রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে আলোচিত এই কেক প্রস্তুতকারীকে। মূলত সদ্য গ্র্যাজুয়েশন সম্পন্ন করা মেয়েকে অভিনন্দন জানানোর জন্য এক মায়ের দেওয়া কেকের অর্ডারকে কেন্দ্র করেই মজার এই ঘটনার সূত্রপাত। আর এর শেষটা হয়েছে লরা গ্যাম্বেল নামের ওই মেয়ে, তার বন্ধু ও ইন্টারনেট দুনিয়ার বহু মানুষের হাসির খোড়াক হিসেবে। ঘটনার বিবরণে জানা যায়, এ বছর ২২-এ পা দেওয়া লরা গেল মাসেই ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে তার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। আর মেয়ের এই অর্জনকে উদযাপন করতেই তার জন্য বিশেষ একটি কেক অর্ডার করেন লরার মা। এই কেকটিতে মেয়ের একটি ছবি ছাড়াও ছবির উপরে মেয়ের মাথায় একটি গ্র্যাজুয়েশন ক্যাপ, শুভেচ্ছা বার্তা ও একটি ডিগ্রি রোল (গ্র্যাজুয়েটদের হাতে সার্টিফিকেট যেভাবে রোল করে ধরা থাকে) সংযোজন করতে বলেন তিনি। তবে কেক বুঝে নিয়ে বাসায় আসার আগে লরার মা আবিষ্কার করেন যে সবকিছু ঠিক থাকলেও মেয়ের মাথার উপরে যেখানে গ্র্যাজুয়েশন ক্যাপ থাকার কথা সেখানে ক্যাপের পরিবর্তে শোভা পাচ্ছে একটি হাসিখুশি ‘ক্যাট’ বা বিড়াল। খুব সম্ভবত লরার মায়ের বলা ‘ক্যাপ’ শব্দটিকে ‘ক্যাট’ শোনার কারণেই গ্র্যাজুয়েশনের ক্যাপের পরিবর্তে এই বিড়ালের আগমণ ঘটে থাকতে পারে। এ অবস্থায় অন্য অনেকেই ক্ষিপ্ত হয়ে বেকারের কাছে পুনরায় অভিযোগ করতে গেলেও ভুলবশত আঁকা বিড়াল নিয়ে বরং ভীষণ খুশিই হন লরা, লরার মা ও লরার বন্ধুরা। মজা করার জন্য কেকটির ছবি ও সেখানে থাকা বিড়ালের ব্যাখ্যাও অনলাইনে রেডিট নামের সাইটটিতে পোস্ট করেন লরা। আর এরপর থেকেই ইন্টারনেটের বিভিন্ন কমিউনিটিতে হাসির খোরাক হয়ে ঝড়ের বেগে বিশ্বের নানা প্রান্তে ছবিটি ছড়িয়ে পড়তে থাকে। সত্যিই! মাঝে মাঝে এ রকম কিছু ভুল করাটা হয়তো মন্দ নয়!