নানা সময়ে বিভিন্ন সামগ্রী দিয়ে মোজাইক বা চিত্রকর্ম তৈরি করার বহু রেকর্ড স্থান পেয়েছে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায়। আর সে ধারাবাহিকতাতেই এবার কয়েন বা মুদ্রা ব্যবহার করে বিশ্বের সবচেয়ে বড় চিত্রকর্মটি তৈরি করে গিনেজ বুকে নাম লিখিয়েছে পোল্যান্ডের স্যানটেন্ডার কনজিউমার ব্যাংক এস.এ। পোল্যান্ডের রোক্ল শহরে প্রদর্শিত এই মুদ্রা-চিত্রে ৭০,৪৫১টি ব্রাস ‘ফাইভ-গ্রসি’র মুদ্রা এবং ৭,৯৩০টি সিলভার ‘ফিফটি-গ্রসি’র মুদ্রা ব্যবহার করা হয় সম্মিলিতভাবে যার মূল্যমান দাঁড়ায় ২,২৮০ ডলারের মতো। আর এই মুদ্রাগুলোর সাহায্যে ব্যাংকটির কর্মীরা মূলত তাদের ডেবিট কার্ডেরই একটি প্রতিলিপি ফুটিয়ে তোলেন। অন্যদিকে আকৃতির দিক থেকে রেকর্ড তৈরি করা এই কয়েন মোজাইকটির আয়তন দাঁড়ায় ২৯.৪৬ বর্গমিটার বা প্রায় ৩১০ বর্গফুটে।
