মিত্রদের কাছ থেকে অস্ত্র পাওয়ার দাবি সিরিয়ার বিদ্রোহীদের

আপডেট : ২২ জুন ২০১৩, ২১:০৭
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীরা তাদের মিত্রদের কাছ থেকে নতুন অস্ত্র পাওয়ার কথা জানিয়েছে। এই অস্ত্র যুদ্ধের গতি পরিবর্তন করে দিতে পারে বলেও দাবি করেছে বিদ্রোহীদের সংগঠন ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ)। সম্প্রতি যুক্তরাষ্ট্র সিরিয়ার বিদ্রোহীদের সামরিক সহায়তার ঘোষণা দেয়। এরপরই বিদ্রোহীরা এই নতুন অস্ত্র পাওয়ার দাবি করলো। এফএসএ’র মুখপাত্র লোউয়ে মুকদাদ বলেন, আমরা বেশ কিছু পরিমাণ অস্ত্র পেয়েছি, যার মধ্যে আমরা যা চেয়েছিলাম সেরকম অস্ত্রও আছে এবং আমরা বিশ্বাস করি আমরা ময়দানে‘ যুদ্ধের গতি পরিবর্তন করে দিতে পারব।’ তবে কী ধরনের অস্ত্র দেয়া হয়েছে এবং কোথায় তা গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে তিনি নির্দিষ্টভাবে কিছু জানাননি। এর আগে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোতে সৌদি অর্থায়নের পক্ষ থেকে বিদ্রোহীদের হালকা অস্ত্র এবং ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেয়া হয়। এদিকে, স্পেনে সিরিয়াসহ অন্যান্য জায়গার জন্য জিহাদি যোদ্ধা নিয়োগ করতে গিয়ে আটজন গ্রেপ্তার হয়েছে। শুক্রবার সকালে পুলিশ কেউটা এলাকায় তল্লাশি চালিয়ে জিহাদি যোদ্ধা জোগাড়ের সন্দেহে তাদেরকে আটক করে। স্পেনের গণমাধ্যম জানিয়েছে, আটক আটজনের সবাই স্পেনের নাগরিক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আল-কায়েদা নেটওয়ার্কে হয়ে সিরিয়ার যুদ্ধে অংশ নিতে এরই মধ্যে কেউটা থেকে বহু মানুষ সিরিয়ায় চলে গেছে। এদের অনেকের বয়স ১৮ বছরের কম।