স্থানীয় সরকার প্রতিষ্ঠান ক্রমশ ব্যবসায়ীদের দখলে যাচ্ছে

আপডেট : ২২ জুন ২০১৩, ২১:৫৪
জাতীয় সংসদের পর এবার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোও ক্রমশ ব্যবসায়ীদের দখলে চলে যাচ্ছে। সদ্য অনুষ্ঠিত চার সিটি করপোরেশন এবং আসন্ন গাজীপুর সিটি নির্বাচনের প্রার্থীদের হলফনামায় দেয়া তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এই পর্যবেক্ষণের কথা জানিয়েছে নাগরিকদের সংগঠন সুশাসনের জন্য নাগরিক-সুজন। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে সুজনের নেতৃবৃন্দ এই পর্যবেক্ষণের কথা জানান । ‘চার সিটি করপোরেশন নির্বাচনে কারা নির্বাচিত হলেন এবং গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। এতে বলা হয়, সদ্য অনুষ্ঠিত খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচিত চার মেয়রের প্রত্যেকেই ব্যবসায়ী এবং এই চার নগরীর ওয়ার্ড কাউন্সিলরদের ৮৪ শতাংশই ব্যবসায়ী। নির্বাচিত ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতার প্রশ্নে বলা হয়, ওয়ার্ড কাউন্সিলরদের ৫১ শতাংশের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তার নিচে। সংরক্ষিত আসনে নির্বাচিত নারী কাউন্সিলরদের শিক্ষাগত যোগ্যতা আরও কম। ৬৪ শতাংশের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তার নিচে। আসন্ন গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থীদের বিষয়ে বলা হয়, মেয়র প্রার্থীদের সাতজনের মধ্যে চারজনই উচ্চশিক্ষিত। তবে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৪৬ শতাংশের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে। সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থীদের অধিকাংশের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তার নিচে। সম্মেলনে আরও বলা হয়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের পেশা সংক্রান্ত তথ্যের বিশ্লেষণে দেখা গেছে, সাতজন মেয়র প্রার্থীর মধ্যে পাঁচজনই ব্যবসায়ী। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ব্যবসায়ীর সংখ্যা ৭০ শতাংশ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুজনের নির্বাহী কমিটির সদস্য লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী। সৈয়দ আবুল মকসুদ বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে জবাবদিহিমূলক করার স্বার্থেই এসব তথ্য তুলে ধরা হচ্ছে। যেসব প্রার্থী জনগণকে এসব তথ্য জানানোর প্রক্রিয়া গ্রহণ করতে চান না, ধরে নিতে হবে তাদের মধ্যে গলদ আছে। ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন, ব্যবসায়ীদের এত বেশি মাত্রায় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নির্বাচন কমিশনের ব্যর্থতার ফলাফল।