প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ নিয়ে ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রক্ষার জন্য বর্তমান প্রধানমন্ত্রী আন্তরিকভাবে চেষ্টা করছেন। যদিও আমাদের সরকারের হাতে মাত্র ৬ মাস সময় রয়েছে। এই সময়ে যতটা সম্ভব সরকার ততটুকুই বাস্তবায়ন করবে। সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, একটি কথা মনে রাখবেন আগামী নির্বাচনে যদি আমরা নিরাশ হই তা ভবিষ্যতের জন্য ভালো হবে না। যে স্বপ্ন ও আশা নিয়ে দেশ স্বাধীন করেছিলাম সেটি হয়তো হারিয়ে ফেলতে হবে। কাজেই সকলকে একসঙ্গে কাজ করতে হবে। শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন-২০০১ এর জনস্বার্থ বিরোধী সকল সংশোধনী বাতিলের দাবিতে আয়োজিত নাগরিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেল এই সভার আয়োজন করে। সভায় আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এডভোকেট সুলতানা কামালের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, আইন কমিশনের চেয়ারম্যান ড. এম শাহ আলম, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, নিজেরা করি’র খুশী কবির, সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, এডভোকেট সুব্রত চৌধুরী, তথ্য কমিশনার সাদেকা হালিম প্রমুখ। তিনি বলেন, সম্পত্তি ধ্বংস বা লুট করার জন্য নয়, সম্পত্তি রক্ষার জন্যই দেবোত্তর সম্পত্তি আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।
