বাংলাদেশ সরকারের সঙ্গে হংকংয়ের টেকনিক এমপ্লয়মেন্ট সার্ভিস সেন্টারের চুক্তির আওতায় প্রবাসী কল্যাণ ব্যাংকের আর্থিক সহায়তায় ইতিমধ্যে ৫০ জন নারী শ্রমিক সে দেশে পাড়ি জমিয়েছেন। আরো ৫০ জন শ্রমিক চলতি মাসের মধ্যে হংকং যাচ্ছেন। বিদেশে পাড়ি জমানো এই নারী শ্রমিকরা ইতিমধ্যে সেখানে গৃহকর্মী হিসাবে কাজে যোগ দিয়েছেন। চুক্তি অনুযায়ী এই শ্রমিকরা ৫০৫ মার্কিন ডলার বেতন পাবেন।
এ প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সি এম কয়েস সামী বলেন, ‘৫০ জন নারী শ্রমিক ব্যাংক ঋণ নিয়ে ইতিমধ্যে হংকং গেছেন। তাদের বিমান ভাড়া, মেডিক্যাল ফি, ট্রেনিংসহ যাবতীয় অভিবাসন ব্যয় ব্যাংক ঋণ দিয়ে মেটানো হচ্ছে। এতে তারা যেমন দালালের খপ্পর থেকে রেহাই পাচ্ছেন, তেমনি কোন ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে না।’ তিনি জানান, হংকং যেতে শ্রমিক মাথাপিছু অভিবাসন ব্যয় হচ্ছে ১৩৫০ মার্কিন ডলারের সমমূল্যের এক লাখ ১৫ হাজার টাকা। এর পুরোটা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ দেয়া হচ্ছে। এই ঋণের টাকা পরবর্তীতে তাদের বেতন থেকে সমন্বয় করা হবে বলে তিনি উল্লেখ করেন।
কয়েস সামী বলেন, আরো ৫০ জন শ্রমিকের ভিসা প্রক্রিয়াধীন আছে। চলতি জুন মাসের মধ্যে তারাও হংকংয়ে যেতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত, নারী শ্রমিক রফতানির লক্ষ্যে সরকার এ বছর ১০ এপ্রিল হংকংয়ের সাথে এই চুক্তি করে। চুক্তি অনুযায়ী প্রাথমিকভাবে এক লাখ নারী শ্রমিক হংকংয়ে যাওয়ার কথা রয়েছে। বেসরকারি জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান এস এ ট্রেডিং এই কর্মীদের বাছাই করেছে। চুক্তির আওতায় বিদেশগামী এসব নারী শ্রমিকের অভিবাসন ব্যয় প্রবাসী কল্যাণ ব্যাংক বহন করবে।
