রামুতে নির্মাণের পরই ভেঙে গেল কালভার্ট

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:০৭
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের শাহ মোহাম্মদপাড়া এলাকায় নাইক্ষ্যংছড়ি-বাইশারি সংযোগ সড়কের কালভার্টটি পুনঃনির্মাণের পরের দিনই ভেঙে গেল। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, নামমাত্র সিমেন্ট মিশ্রিত করে বালি দিয়ে নির্মাণ কাজটি রাতের আঁধারে তড়িগড়ি করে সম্পন্ন করা হয়। স্থানীয় জনসাধারণ ক্ষিপ্ত হয়ে কালভার্টে ব্যবহূত রড সিমেন্ট খুলে ফেলে দেন। গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব উলাহ চৌধুরী বলেন, কালভার্টটি পুনঃসংস্কারের বিষয়ে তিনি অবহিত ছিলেন না। তবে এলাকাবাসী সংস্কার কাজে অনিয়মের ব্যাপারে অভিযোগ দিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে। রামু উপজেলা প্রকৌশলী জাহিদ হোসেন জানান, নির্মাণ কাজে ত্রুটির কারণে হয়তো এটি ভেঙে যেতে পারে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।