২০১৪ সালের বিশ্বকাপ ব্রাজিলেই হবে : ফিফা

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:২৪
ফিফার সেক্রেটারী জেনারেল জেরম ভালকে সকলকে সতর্ক করে দিয়ে বলেছেন ২০১৪ বিশ্বকাপ অবশ্যই ব্রাজিলে অনুষ্ঠিত হতে হবে। কনফেডারেশন কাপকে ঘিরে ব্রাজিলে চলমান লক্ষ লক্ষ মানুষের প্রতিবাদের বিরোধিতা করে ভালকে এই মন্তব্য করেছেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন্স এবং বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির সাথে ফিফার একটি যৌথ সভার আগে স্থানীয় গণমাধ্যমে ভালকে বলেন, ‘কনফেডারেশন কাপ ব্রাজিলে অনুষ্ঠিত হচ্ছে এবং এরপর বিশ্বকাপও ব্রাজিলেই অনুষ্ঠিত হবে। এখানে বিকল্প কোন চিন্তা নেই।’ এরআগে শুক্রবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা জানিয়েছিল চলমান পরিস্থিতি বিবেচনায় কনফেডারেশন্স কাপ বাতিল বা কাটছাট করার পরিকল্পনা ফিফার নেই। সেরকম কোন বিরুপ পরিস্থিতির সৃষ্টি না হলে কোন দলও টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিবে না। এ সম্পর্কে ফিফার মিডিয়া প্রধান পেক্কা ওড্রিওজোলা বলেছেন, ‘স্থানীয় কর্তৃপক্ষের সাথে কনফেডারেশন্স কাপ বাতিলের কোন আলোচনা ফিফা এই মূহুর্তে বিবেচনা করছে না। আমরা কর্তৃপক্ষের সাথে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা বাক স্বাধীনতার অধিকারকে সবসময়ই সমর্থন করি। তবে আমরা সহিংসতাকে নিন্দা জানাই।’-বাসস/এএফপি