তামিম ইকবাল কট অ্যান্ড বোল্ড বাই আয়েশা!

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:৪৫
বাংলাদেশ ক্রিকেট দলের হার্ড হিটার ব্যাটসম্যান তামিম ইকবাল ২২ গজের মাঠে উইকেট আগলে ভালোই খেলেন। তাকে আউট করতে রীতিমতো ঘাম ঝরাতে হয় বাঘা বাঘা বোলারদের। কিন্তু সেই তামিম গতকাল শনিবার তার ব্যাচেলর জীবনের ‘উইকেট’ বিলিয়ে দিলেন দীর্ঘদিনের প্রেমিকা আয়েশা সিদ্দিকার কাছে। রীতিমতো ‘কট অ্যান্ড বোল্ড’ আর কি! ঠিকই শুনেছেন। তামিম আর আয়েশা গতকাল ‘দুজনে দুজনার’ হয়ে গেছেন রাজসিক এক বিয়ের মধ্য দিয়ে। আগের দিন প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ নগরী অনেকটা শীতল হয়ে উঠে গতকাল শনিবার সন্ধ্যায় এক পশলা বৃষ্টির পরশে। তার ছোঁয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে খানবাড়ী বিয়ের অনুষ্ঠানে। সন্ধ্যার পর পরই সানাইয়ের মূর্ছনায় প্রাণ ছুঁয়ে যায় আগত অতিথিদের। হরেক রঙয়ের বাতির ঝলকানি ও বর্ণিল সাজে সজ্জিত চিটাগাং ক্লাবের টেনিস গ্রাউন্ড উত্সবে রূপ নেয়। ব্যান্ডদলের বাদ্যের তালে তালে অপরূপ সাজে সজ্জিত গাড়িবহর নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন কাজীর দেউড়ীর খানবাড়ীর ছোট ছেলে তামিম ইকবাল। জমকালো শেরওয়ানির ঝলকে অপরূপ লাগছিল তারকা ক্রিকেটারকে। কন্যাপক্ষের পক্ষ থেকে পুষ্পবৃষ্টিতে তাকে বরণ করে নেয়া হয়। রঙিন আতশবাজির ঝলকানি আকাশের তারা-নক্ষত্রে পরিণত হয় পুরো অনুষ্ঠানস্থল। তামিম যখন মঞ্চে আসন গ্রহণ করেন তখন একে একে মঞ্চে আসেন বিশিষ্টজনরা। ভক্ত আর অতিথিদের ভালোবাসায় সিক্ত হন তামিম ইকবাল। রাজসিক বিয়ের এই অনুষ্ঠানে প্রায় ৫ থেকে ৬ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। তৈরি করা হয় সুস্বাদু নানা পদের খাবার। তালিকায় ছিল কাচ্চি বিরিয়ানী, মুরগীর রোস্ট, রেজালা, দোপেঁয়াজা, চীনা সবজিসহ বিভিন্ন খাবার। বিয়ে উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথমদিনে ছিল চাঁটগাইয়া মেজবান, দ্বিতীয় দিনে মেহেদী জলসায় ভারতীয় ও দেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।