কুমিল্লায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:৪৮
কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান খান রুমেলসহ ২ জনকে ২৫০ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব-১১ এর সদস্যরা। শুক্রবার রাতে উপজেলার ভারত সীমান্তবর্তী শংকুচাইল বাজার থেকে তাদেরকে আটক করা হয়। গতকাল শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। র্যাব, পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লাস্থ র্যাব-১১ এর একটি দল গত শুক্রবার রাতে উপজেলার শংকুচাইল বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাব মতিউর রহমান খান রুমেল (৩৮) ও বিল্লাল হোসেন (৩০) নামের দুইজনকে আটক করে তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ পুরিয়া গাঁজা উদ্ধার করে। রাত ২টার দিকে আটককৃতদেরকে বুড়িচং থানায় সোপর্দ করে র্যাব। এ ব্যাপারে গতকাল শনিবার র্যাব-১১ এর ডিএডি আতাউর রহমান বাদী হয়ে বুড়িচং থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা (নং ৩৮) দায়ের করেন।