মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন তার পরাজয়ের জন্য আবুল হাসানাত আব্দুল্লাহকে দায়ী করে যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদে গতকাল শনিবার সাংবাদিক সম্মেলন করেছেন হাসানাতের সমর্থক জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কৃষক লীগের সভাপতি সাইফুল আলম গিয়াস। তিনি বলেন, নির্বাচনে পরাজয়ের তিনদিন পর কর্মীসভায় মহানগর আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন হিরন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহকে জড়িয়ে যে বক্তব্য প্রদান করেছেন তা আপত্তিকর। গত ২০ জুন বৃহস্পতিবার বরিশাল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ১০ উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ আবুল হাসানাত আব্দুল্লাহসহ নির্বাচনে তাদের ভূমিকার কথা তুলে ধরেছেন। একই সাথে সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আবুল হাসানাত আব্দুল্লাহ’র সাথে থেকে দলের সমর্থিত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরনের টেলিভিশন প্রতীকের পক্ষে কাজ করেছেন বলে সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়। নির্বাচনে পরাজয়ের কারণ হিসেবে হাসানাতকে অভিযুক্ত করে হিরন যে বক্তব্য দিয়েছেন তা দুঃখজনক বলে সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ উল্লেখ করেন।
সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা মহিলা লীগের সভানেত্রী মাহেরু বেগম, সাধারণ সম্পাদক ফেরদৌস জাহান মুন্নী, জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল করিম শাহিন প্রমুখ।
